স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের ডুয়েট সংলগ্ন ভুইয়া মার্কেটে শনিবার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ১১:৪৫ মিনিটে একটি ফার্নিচারের কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা দ্রুত পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফার্নিচার ওয়ার্কশপের মালিক দেলোয়ার হোসেন জানান, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত।
অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।