"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে চকরিয়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে বারোটায় চকরিয়া বিজয় মঞ্চ প্রাঙ্গণে চকরিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহীন দেলোয়ার। এর আগে তিনি আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শীতল পাল, চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখারুল আলম।
এ সময় বন বিভাগ ফাঁসিয়াখালী রেঞ্জের ডেপুটি রেঞ্জার খসরুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন ভুট্টো সওদাগরসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডুলাহাজারা বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের জনগণকে অধিক পরিমাণে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য ১২টি স্টল বসানো হয়। পাঁচদিনের এ মেলা চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত।