স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “কোর্স ডকুমেন্টেশন এন্ড ফাইল কমপ্লায়েন্স শীর্ষক তিন দিনব্যাপী অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকল্পে আয়োজিত এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ, কৃষি ও ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ১১০ জন কোর্স ইনস্ট্রাক্টর অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ বৃহস্পতিবার (২০ মার্চ ) আইকিউএসিথর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ফিশারিজ অনুষদ, দ্বিতীয় দিনে কৃষি অনুষদ, এবং শেষ দিনে ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদ এর কোর্স ইনস্ট্রাক্টরদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।

প্রশিক্ষণে আলোচকরা অ্যাক্রেডিটেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন তিনটি অনুষদের ডিন, আইকিউএসির পরিচালক ও অতিরিক্ত পরিচালকসহ তিনজন প্রফেসর। তারা কোর্স ডকুমেন্টেশন, কাঠামো, মূল্যায়ন প্রক্রিয়া, শিক্ষার্থীদের অর্জিত দক্ষতা এবং ফাইল কমপ্লায়েন্স সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সাথে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে উপাচার্য প্রশিক্ষণার্থীদের প্রশ্নের উত্তর দেন। এরপর অংশগ্রহণকারীদের মধ্যে কোর্স ডকুমেন্ট ফাইল বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে ভিসি বলেন, “অ্যাক্রেডিটেশন শিক্ষার গুণগতমান নিশ্চিত করার অন্যতম মাধ্যম। এটি শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে। তিনি আরও বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন সংস্থার নির্দেশনা অনুসরণ করে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি নিশ্চিত করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক সেবা ও গবেষণার গুণগত মান উন্নয়নে অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ভিসি বলেন, “এ ধরনের প্রশিক্ষণ একাডেমিক উৎকর্ষের পাশাপাশি গাকৃবির আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে সহায়ক হবে।