মোংলা সংবাদদাতা: মোংলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা। মঙ্গলবার সকালে শহরতলীর সরকারি টি.এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সম্প্রতি ইজিবাইকের ধাক্কায় নিহত ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার শিমুর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। এ সময় তারা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ, স্কুল এলাকায় গতিসীমা নির্ধারণ এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। নিহত শিমু পৌর শহরের সরকারি টি.এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং হাজীপাড়া এলাকার বাসিন্দা শামীম হাওলাদারের মেয়ে।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের সময় সড়কে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বিশেষ করে স্কুলের সামনে গতিনিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং স্কুল এলাকার সামনে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানান। তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।