বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে শৃঙ্খলা রক্ষা, বিভাগভিত্তিক মারামারি বন্ধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ৩ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, গত কয়েক দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটছে। এতে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাসে ভীতি ও অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যেকোনো সময় অপ্রীতিকর বা বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংগঠনটির তিন দফা দাবির মধ্যে রয়েছে—

১. বিভাগভিত্তিক সংঘর্ষ বন্ধে কঠোর পদক্ষেপ:

ক্যাম্পাসে যেকোনো ধরনের সংঘর্ষ ও বিশৃঙ্খলা বন্ধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করা। সাম্প্রতিক বিভাগভিত্তিক সংঘর্ষের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে দায়ীদের শনাক্ত করে একাডেমিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া।

২. নিরাপত্তা জোরদার:

ক্যাম্পাসের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী ও সার্বক্ষণিক নজরদারি বাড়ানো। যেকোনো অপ্রীতিকর ঘটনা শুরুতেই নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।

৩. কাউন্সেলিং ও সচেতনতা বৃদ্ধি:

বিভাগভিত্তিক বিরোধ নিরসনে শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে নিয়মিত ‘কাউন্সেলিং’ ও সচেতনতামূলক সভার আয়োজন করা। শিক্ষার্থীদের মানসিক উৎকণ্ঠা কমানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা বৃদ্ধিতে প্রশাসনিক উদ্যোগ নেওয়া।

স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন ও ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

স্মারকলিপিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সাইফুর রহমান (এম. এস. রহমান) ও সদস্য সচিব ইমাম হোসেন তাজ স্বাক্ষর করেন।