গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শ্রমিক, নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। গণমিছিলটি বাইপাস চৌরাস্তা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালেকের বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের সভাপতি মো. হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলার সভাপতি ডা. মুজাহিদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর সেক্রেটারি ফারদিন হাসান হাসিব।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি রহমতুল্লাহ শিপন, পরিবহন শ্রমিক নেতা মনসুর আহমদ, শ্রমিক নেতা নূর আলম, আসাদুজ্জামান, নাঈম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান ফকির, আব্দুল্লাহ, কাশিমপুর থানা সভাপতি আব্দুল লতিফ, টঙ্গী পূর্ব থানা সভাপতি আবু হানিফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হলে গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গণহত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, সামাজিক ন্যায়বিচার, আইনের শাসন এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।