সুনামগঞ্জ সংবাদদাতা: আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবার আগে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনে প্রার্থীতা ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সুনামগঞ্জ জেলা জামায়েতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান এই প্রতিবেদককে নিশ্চিত করেন, এই প্রার্থীতা কেন্দ্রীয় সর্বোচ্চ ফোরামের নির্দেশে করা হয়েছে। এর আগে জেলা জামায়েতের আমীরের ফেসবুক আইডি থেকে এটি প্রচার হয়।

জামায়েতের জেলা আমীর তোফায়েল আহমদ খান এই প্রতিবেদককে জানান, জামায়েতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় পার্লামেন্টারী বোর্ড ও কেন্দ্রীয় কর্ম পরিষদে অনুমোদিত হবার পর সুনামগঞ্জের পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বেশির ভাগ নেতা আত্মগোপনে চলে গেছেন। সেজন্য আগামী সংসদ নির্বাচনে তারা অংশ নেবে কি না, সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। পরিস্থিতি এমন হলে বিএনপির সঙ্গে নির্বাচনী জোট গঠনের কোনো প্রয়োজন দেখছেন না একসময়ের প্রধান মিত্র জামায়াতে ইসলামী।

নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচনী বোর্ড পরিচালনার সভাপতি অধ্যক্ষ ইজ্জত উল্লাহর নেতৃত্বে ৫ সদস্যের একটি দল সারা দেশে বিভিন্ন নির্বাচনী আসনে গিয়ে রোকনদের মতামত নিয়ে দলটির প্রার্থী নির্বাচন করেছে। নির্বাচনকে সামনে রেখে মাঠ গোছাচ্ছে জামায়াতে ইসলামী। মাঠ পর্যায়ে রোকনদের (শপথধারী সদস্য) মতামতের ভিত্তিতে এই প্রার্থী তালিকা নির্বাচিত করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াত।

গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে সুনামগঞ্জের পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সুনামগঞ্জ—১ (তাহিরপুর—জামালগঞ্জ—ধর্মপাশা—মধ্যনগর) আসনে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। তাঁর পিতার নাম আব্দুল মান্নান খান। বাড়ি তাহিরপুর উপজেলার বড়দল নতুন হাটি গ্রামে। সুনামগঞ্জ শহরতলির মাইজবাড়ী আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উপাধ্যক্ষ হিসেবে বর্তমানে কর্মরত আছেন তিনি। শিক্ষাজীবনে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল (হাদীস) এম এ এবং এছাড়াও সিলেট এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ পাশ করেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক জেলা সভাপতি, সুনামগঞ্জ আল মুয়াখাত স্যোশাল ওয়েল ফেয়ার উন্ডেশনের সাবেক সেক্রেটারির দায়িত্বও তিনি পালন করেছেন।

সুনামগঞ্জ— ২ (দিরাই—শাল্লা) মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল। তাঁর জন্ম জেলার শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামে, পিতার নাম মোহাম্মদ মুকিত মনির। তিনি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স, আমেরিকা থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সুনামগঞ্জ—৩ (জগন্নাথপুর—শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট ইয়াছিন খান। তাঁর বাড়ি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামে। ১৯৯৮ সালে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি, সিলেট এমসি কলেজ থেকে ইংরেজিতে মাস্টার্স এবং সিলেট ল’কলেজ থেকে এলএলবি পাশ করেন। তিনি ছাত্রশিবিরের এমসি কলেজ শাখার সভাপতি, সিলেট মহানগরীর ছাত্র আন্দোলন সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সিলেট মহানগর জামায়াতের মজলিসে শূরার সদস্য ও পেশাজীবী থানা আমীর।

সুনামগঞ্জ—৪ (সুনামগঞ্জ সদর—বিশম্ভরপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন। সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদ্দীনের জন্ম ১৯৬৩ সালের ১৭ জুলাই। পিতার নাম মরহুম আব্দুস সালাম ও মাতার নাম মরহুমা রোকেয়া বেগম।

তিনি ১৯৯০ সালের ১১ নভেম্বর সুনামগঞ্জ বারে যোগদান করেন। তাঁর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলারর মনোহরপুর গ্রামে, বর্তমানে তিনি সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে বসবাস করছেন। এছাড়াও তিনি সুনামগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি, সদর উপজেলা জামায়াতের আমির ও জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতির দায়িত্বও পালন করেছেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ চাইল্ড কেয়ার একাডেমির ভাইস প্রেসিডেন্ট, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

সুনামগঞ্জ—৫ (ছাতক—দোয়ারাবাজার) আসনে মনোনয়ন পেয়েছেন গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল—মাদানী’র জন্ম ১৯৫৯ সালের ২৬ শে মার্চ। পিতার নাম হযরত মাও. আঞ্জব আলী (র.) ও মাতার নাম রহিমা বেগম। তাঁর জন্মস্থান ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাঁনপুর গ্রামে। তিনি ঢাকার মুমতাজুল মুহাদ্দিছিন থেকে এম.এম ও সৌদি আরবের মদীনা থেকে থেকে লিসান্স করেছেন। কর্মজীবনে সৎপুর কামিল মাদ্রাসার আরবী প্রভাষক (১৯৮৯—৯৫), গোবিন্দনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ (১৯৯৫—২০২৩)। গোবিন্দগঞ্জ নতুন বাজার জামে মসজিদে ২৮ বৎসর থেকে বর্তমান পর্যন্ত খতিবের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সিলেট আলিয়া মাদ্রাসা ময়দান ঈদ জামায়াতের খতিবও তিনি। ছাতক দোয়ারা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, গোবিন্দগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান, মাজলিসুর মুফাসসিরিন বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান, ইত্তেহাদুল কুররা বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান, সিলেট ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি, ছাতক দোয়ারা ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ সিলেটের সেক্রেটারি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ পরিচালনা কমিটির সাবেক সদস্য, সিলেট মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য রয়েছেন তিনি।

সুনামগঞ্জ জেলা জামায়েতের আমীর তোফায়েল আহমদ খান জানিয়েছেন, পাঁচটি আসনের প্রার্থীকেই নির্বাচনী কার্যক্রম শুরু করার জন্য কেন্দ্রীয় পার্লামেন্টারী বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রার্থীতা দলের সর্বোচ্চ ফোরাম থেকে নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।