বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলার সাবেক সেক্রেটারি, সদর পৌরসভার প্রবীণ সদস্য (রুকন) খন্দকার সুলতানুল আলম হৃদরোগে আক্রান্ত হয়ে ৩০ মার্চ রাত ৯টায় ৭২ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ৭ পুত্র ও ৬ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩১ মার্চ বিকাল সাড়ে ৫টায় হাজী হাফেজ উদ্দিন মৃধা কলেজ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী : খন্দকার সুলতানুল আলমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গতকাল বুধবার শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, খন্দকার সুলতানুল আলম এর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।