খুলনা ব্যুরো
কাঁচাপাট রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মত খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বুধবার (২০ মে) সকল সোয়া ১০টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় শেষ হয়।
একই দাবিতে দৌলতপুর বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনেও সড়ক অবরোধ চলছে। দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের (১১৫৫) উদ্যোগে এ অবরোধ এবং বিক্ষোভ মিছিল চলছে। দ্বিতীয় দিনের এই সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিলে শ্রমিকদের স্ত্রীর সন্তানরাও অংশ নিয়েছে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতা দেলোয়ার হোসেন ও কামাল হোসেন অভিযাগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটের মুখে পড়েছে। গত ৯ মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, টাকার অভাবে চিকিৎসা সেবাও নিতে পারছেন। ঈদ আসন্ন, কিভাবে তারা পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাবেন তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। শ্রমিক নেতারা আরও জানান, দ্রুত কাঁচা পাট রফতানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে। আন্দোলনরত শ্রমিকরা দ্রুত সময়ের মধ্যে কাঁচা পাট রফতানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় তারা খুলনার বিভিন্ন শ্রমজীবী সংগঠনের সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।