নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর ডিমলায় কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে সেটি ভেঙে নদীতে পড়ে গেছেন জামায়াতের উপজেলা আমীর,সেক্রেটারিসহ কয়েকজন নেতাকর্মী। এ সময় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার অত রয়েছেন। এ ঘটনায় সংসদ সদস্যের দেহরক্ষীসহ তিনজন নেতাকর্মী আহত হয়েছে। তবে গুরুতর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নাটাবাড়ী এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে এমন ঘটনা ঘটে। ডিমলা উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল জানান, দীর্ঘদিন ধরে নাউতারা নদীর ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ অবসথায় এলাকাবাসী নিজেদের অর্থায়নে নদীর ওপর একটি কাঠের সাঁকো নির্মাণ করেন। বুধবার সকালে সংসদ সদস্য মাওলানা অধ্যক্ষ আব্দুস সাত্তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাঁকোটি পরিদর্শনে যান। এ সময় একসঙ্গে বেশ কিছু লোক সাঁকোটিতে ওঠায় হঠাৎ এর একটি অংশ ভেঙে পড়ে। এতে ডিমলা উপজেলা আমীর মাওলানা মুজিবুর রহমান,নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান,সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল,ডিমলা সদর ইউনিয়ন আমীর নুর মুবাশ্বেরসহ কয়েকজন নেতাকর্মী নদীতে পড়ে যান। এতে সংসদ সদস্যের দেহরক্ষী আব্দুল মান্নানসহ ৩জন সামান্য আহত হন। তবে এমপি যে অংশে দাঁড়িয়ে ছিলেন, সেটি ভাঙেনি।
স্থানীয় বাসিন্দা আজিমুল ইসলাম বলেন, ‘এমপি মহোদয় আমাদের এলাকার কাঠের ব্রিজটি পরিদর্শনের জন্য ব্রিজের ওপর উঠেছিলেন। লোকজন বেশি হওয়ায় হঠাৎ করে ব্রিজটির একটি অংশ ভেঙে কয়েকজন নিচে পড়ে যান। সংসদ সদস্য যে অংশে দাঁড়িয়েছিলেন, সেটি ভাঙেনি।’
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘এলাকাবাসী নিজেদের অর্থায়নে একটি কাঠের ব্রিজ তৈরি করেছে। আমি ও আমার সঙ্গে থাকা নেতাকর্মীরা সেটি পরিদর্শনে গিয়েছিলাম। ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা ওঠার পর পেছনের অংশ ভেঙে পড়ে। সেখানে কয়েকজন পড়ে গিয়ে জামাকাপড় ছিঁড়ে গেছে এবং তিনজন আহত হয়েছেন। সেখানে সরকারি অর্থায়নে ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপরে সঙ্গে আলোচনা করব।’