নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের শ্যামপুর গ্রামের তুলাবাড়ি এলাকার সৌদি আরব প্রবাসী মাঈন উদ্দিন ও তার ভাই মোবারক হোসেনের নির্মাণাধীন বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, পানি ঢেলে সিমিন্ট নষ্ট করা, পিলারের জন্য তৈরি লোহার খাঁচা ও গাঁথুনির ইট ভাঙচুর এবং ২টি মোটর, সিমেন্ট, রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এছাড়া হামলাকারীরা ওই নির্মাণাধীন বাড়িতে কর্মরত মিস্ত্রিদের ২টি রড কাটার মেশিনসহ তাদের কাজের সরঞ্জাম লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কন্ট্রাক্টর পার্শ¦বর্তী গান্দাছি গ্রামের শাহজালাল মজুমদার। বুধবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে নাঙ্গলকোট থানায় ১১জনের বিরুদ্ধে এজাহার দাখিল করেন ভূক্তভোগীদের পিতা আবুল কালাম মজুমদার। ভাংচুর ও লুটপাটের ঘটনায় ওই প্রবাসী পরিবারের আনুমানিক ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে পার্শ্ববর্তী গান্দাছি গ্রামের ওমর ফারুক, শাকিল, শাহরিয়ার, খোরশেদ আলম স্বপন, সোহান, নাদিম এর নাম উল্লেখ সহ ১১ জনকে আসামী করা হয়। বুধবার ও বৃহস্পতিবার দু’ দফায় ঘটনাস্থল পরিদর্শন করেন নাঙ্গলকোট থানা পুলিশ।