ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় জেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের সেক্রেটারী সাদিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ড. মীর নুরুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটার মাওলানা আব্দুল হাকিম, আতিকুল ইসলাম রাসেল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ড. মীর নুরুল ইসলাম বলেন, পলাশীর পরাজয় আর জুলাইয়ের আত্মত্যাগ— দুটোই আমাদের জাতীয় ইতিহাসের মাইলফলক। এই দুই চেতনাকে ধারণ করে আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে।

অন্যান্য বক্তারা বলেন, ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে বিশ্বাসঘাতকতার মাধ্যমে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে এবং উপমহাদেশে ১৯০ বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা হয়। পলাশীর চেতনা আর জুলাই বিপ্লবের শহীদদের রক্ত আমাদের শিখিয়েছে, অন্যায়ের সাথে আপোষ নয়। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় শহীদদের সেই ত্যাগ আমাদের পাথেয় হয়ে থাকবে।"

এসময় বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং জুলাই শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।