‘জানা ও না জানার মধ্যে পার্থক্য অনেক, কাজেই সাক্ষরতার গুরুত্ব অপরিসীম’—এই বার্তা সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া।
আলোচনা সভায় জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, “জানা ও না জানার মধ্যে পার্থক্য অনেক, কাজেই সাক্ষরতার গুরুত্ব অপরিসীম। যারা জানে তারা ওপেন-আইড (Open-eyed), আর যারা জানে না তারা ব্লাইন্ড (Blind)। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আজ আমি সবাইকে জানা ও শেখার মাধ্যমে খোলা চোখের মানুষ হতে বলব।”
তিনি বলেন, শুধু অক্ষরজ্ঞান অর্জন নয়, জ্ঞান ও শেখার মাধ্যমে মানুষকে সচেতন ও দায়িত্বশীল করে তোলাই সাক্ষরতার মূল উদ্দেশ্য। একটি জ্ঞানভিত্তিক ও সচেতন সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সাক্ষরতা বিস্তার, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ সুপারের প্রতিনিধি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পিটিআই সুপার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষা ও সাক্ষরতা মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির অন্যতম প্রধান হাতিয়ার। সমাজের কোনো মানুষ যেন শিক্ষা ও মৌলিক জ্ঞান থেকে বঞ্চিত না থাকে, সে জন্য সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।