জৈন্তাপুর সংবাদদাতা : অপরাধমুক্ত সমাজ গড়তে ও সীমান্তবর্তী জনপদের মানুষের জীবনমান উন্নয়নে বহুমুখী উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরে “আলোর পথে” শীর্ষক এক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর উদ্যোগে জৈন্তাপুর উপজেলা মিলয়নাতনে আয়োজিত অনুষ্ঠানে জনসচেতনতামূলক সভা, ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং কারিগরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি’র সভাপতিত্বে এবং সহকারী পরিচালক হুমায়ন করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন বলেন, সীমান্ত এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অনেক সময় দারিদ্র্য ও অজ্ঞতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র সাধারণ মানুষদের মাদক পাচার ও চোরাচালানের মতো অপরাধ মুলক কাজে জড়িয়ে ফেলে। এসব কার্যক্রম বন্ধে জনগণক সচেতন হওয়ার পাশাপাশি বিজিবিকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে সীমান্ত অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন বিকল্প আয়ের পথ তৈরি করা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি। “আলোর পথে” প্রকল্পের মাধ্যমে যুবকদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগ সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।