শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেছেন, সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হয়। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করছে।

কলেজগুলোর বাস্তব সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজন সরাসরি জানতে এ ধরনের মতবিনিময় সভার গুরুত্ব রয়েছে। শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

হরগঙ্গা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ও প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, কলেজটির অনার্স, প্রিলিমিনারি ও মাস্টার্সসহ বিভিন্ন শিক্ষা কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করছে।

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল ও সার্টিফিকেট অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের সমন্বয়ে তার সামগ্রিক বিকাশ নিশ্চিত করতে হবে। এর মধ্য দিয়েই ভবিষ্যতের দক্ষ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি করা সম্ভব।

মতবিনিময় সভা শেষে ভিসি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসে একটি বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন, জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম), সিভিল সার্জন ডা. সাজেদা বেগম এবং মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নিশাত নাহার।