গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ওসমান আলী (৬৭), যুবলীগ নেতা মনির হোসেন (৪৫) এবং গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৬)।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরাও অংশ নেন। একপর্যায়ে ডিবি দক্ষিণ বিভাগের একটি দল টঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে ওসমান আলীকে গ্রেপ্তার করে। একই রাতে টঙ্গীর সাতাইশ-রাজনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মনির হোসেন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পাশাপাশি তারা এলাকায় দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগও পুলিশের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টঙ্গীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।