বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম মুকুল বলেন, মানুষের কাছে কোরআনের সঠিক শিক্ষা পৌঁছে দিতে এবং সমাজের নৈতিক অবক্ষয় দূর করতে আলেম-ওলামা ও মুফাসসিরদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে কোরআন ও ইসলামের সুমহান আদর্শের সঙ্গে সম্পৃক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, কোরআনের আলোকে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহমর্মিতা ও ন্যায়বোধ জাগ্রত করতে হবে। দ্বীনি জ্ঞানচর্চার পাশাপাশি সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোও আলেমদের অন্যতম দায়িত্ব।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সাতক্ষীরা আল আমিন ট্রাস্ট কার্যালয়ের কাজী শামছুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম বিলালীর সভাপতিত্বে এবং সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা আব্দুল কাদের জিহাদী।
সম্মেলনে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারি, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি ড. রুহুল আমিন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ এবং সাতক্ষীরা সদর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুরস সবুর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মদ আলী, সাতক্ষীরা জেলা কমিটির সদস্য মাওলানা আজিজুল ইসলাম জিহাদী, মাওলানা রেজাউল করিম, মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, মাওলানা ইমাম হাসান নাসেরী, জিয়াউল ইসলাম যুক্তিবাদী, মাওলানা তরিকুল ইসলাম জিহাদী প্রমুখ।
সম্মেলনে প্রধান বক্তা বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে কোরআনের আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ বৃদ্ধি পাবে। তাই কোরআন-সুন্নাহর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দিতে হবে।
সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার আলেম-ওলামা, মুফাসসির, ইমাম-খতিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে সংগঠনটির ২০২৬-২৮ সেশনে সাতক্ষীরা জেলা শাখার সভাপতি নির্বাচিত হন মাওলানা মনিরুল ইসলাম বেলালি ও সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা মনিরুল ইসলাম ফারুকি। এছাড়া সহসভাপতি মনোনীত হন মাওলানা আজিজুল ইসলাম জিহাদি, মাওলানা আব্দুল মজিদ, ইমাম হাসানসহ কমিটির ২৪ জনের নাম ঘোষণা করা হয়।