ফেসবুকে নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট এবং এডিট করা ভিডিও প্রচারের অভিযোগ করেছেন গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. কালাম মিয়া।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেওয়া পূর্বখণ্ড এলাকায় নিজ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে কালাম মিয়া বলেন, তাঁর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব পোস্ট ও ভিডিও প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব পোস্ট ও ভিডিও ছড়িয়ে তাঁর সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজ যাচাই-বাছাই করে এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো ধরনের পোস্ট, ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার কিংবা প্রচার না করার জন্য সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানান কালাম মিয়া।

সংবাদ সম্মেলনে স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।