যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গাজীপুরে পালিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, বিশেষ দোয়া ও প্রার্থনা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতিভোজ এবং আলোকসজ্জাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় গাজীপুর মহানগরীর জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ভূঁইয়া,গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’-এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। অতিথি হিসেবে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের এমপি মোঃ মজিবুর রহমান, গাজীপুর ২ (আসনের) এমপি এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৫ (কালিগঞ্জ)আসনের এমপি এ কে এম ফজলুল হক মিলন,গাজীপুর-(কাপাসিয়া) আসনের এমপি সালাউদ্দিন আইউবী, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের এমপি ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, এছাড়াএতে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সুধীজন অংশ নিচ্ছেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবিস্মরণীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে বাদ জোহর ও সুবিধাজনক সময়ে জেলার বিভিন্ন মসজিদে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া জেলার সরকারি হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, শিশু উন্নয়ন কেন্দ্র, প্রতিবন্ধী শিশু কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও অন্যান্য সমাজসেবামূলক প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, টঙ্গী, জয়দেবপুর চৌরাস্তা, ভোগড়া বাইপাস, মাওনা চৌরাস্তা, রেলস্টেশন, কালীগঞ্জ বাজারসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন চলছে। একই সঙ্গে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও বর্ণিল সাজসজ্জায় সজ্জিত করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিনোদন কেন্দ্র শিশুদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং বিভিন্ন সিনেমা হলে দিবসের তাৎপর্যবিষয়ক চলচ্চিত্র বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বর্ণিল আলোকসজ্জা করা হবে।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার’ দাবিতে বুধবার বিকেল ৩টায় গাজীপুর মহানগরের শিববাড়ী মোড়ে ১১ দলীয় ঐক্য, গাজীপুর মহানগরের উদ্যোগে একটি গণসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ, জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক জামাল উদ্দিন,জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন। এছাড়া ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুহা. জামাল উদ্দীন।
এছাড়া গাজীপুর মহানগর বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক প্রতিষ্ঠানে দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি পর্যায়ে গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে গাজীপুরে শ্রদ্ধা, স্মরণ ও গণতান্ত্রিক চেতনার আবহ বিরাজ করছে।