শেরপুর জেলা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস (প্রসাধনী সামগ্রী) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকায় ওই অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রীবরদী উপজেলার মেঘাদল সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারত থেকে অবৈধভাবে প্রসাধনী সামগ্রী বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এমন গোপন সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করে বিজিবি। জব্দকৃত এসব প্রসাধনী সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ২ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
সূত্র: বাসস