জুলাই শহীদদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৩টায় প্রহলাদপুর ইউনিয়নের বাঁশকোপা চৌরাস্তা মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রহলাদপুর ইউনিয়ন ওলামা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রহলাদপুর ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. আবদুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌর সেক্রেটারি মাওলানা মো. আবুল হোসাইন, প্রহলাদপুর ইউনিয়নের আমীর মাওলানা মো. সোলাইমান হোসেন, জুলাই শহীদ হাফেজ শরিফুল ইসলামের গর্বিত পিতা মো. শুক্কুর আলী, জামায়াতে ইসলামী মনোনীত প্রহলাদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আলী হোসেন পালোয়ান, প্রহলাদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. আলমগীর হোসেন আলম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মো. আবদুস সাত্তার খান।
অনুষ্ঠানে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য, স্থানীয় আলেম-ওলামা, ইমাম-খতিব, সমাজ সংস্কারক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের দাগ কখনো মুছে যাওয়ার নয়। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অধ্যক্ষ আবুল কালাম আজাদ আরও বলেন, জুলাই আমাদের গর্ব। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরে জুলাই শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, “রক্তের দাগ মুছে না, জুলাই আমাদের গর্ব।” জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।