বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগীয় শাখার উদ্যোগে ‘খুলনা বিভাগীয় মুফাসসির সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) অনুষ্ঠিত এ সম্মেলনে সংগঠনের খুলনা বিভাগীয় ও জেলা পর্যায়ের নতুন কমিটি গঠন এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক। তিনি বলেন, সুন্দর, সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব জেলা ও বিভাগীয় পর্যায়ে ঘরে ঘরে দ্বীন ও ইসলামের দাওয়াত পৌঁছে দিতে কার্যকর ভূমিকা পালন করবেন। নতুন ও প্রবীণ নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টায় সমাজ খাঁটি কোরআনের আলোয় আলোকিত হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমীর হামজা বলেন, আলেমরা নবীদের ওয়ারিশ। তাদের সবচেয়ে বড় সম্পদ হলো ইলম বা জ্ঞান। নবীদের রেখে যাওয়া মিশন ও ভিশন বাস্তবায়নের দায়িত্ব আলেম সমাজের ওপরই ন্যস্ত। তিনি সূরা নাহল ও সূরা জুমুআর বিভিন্ন আয়াতের আলোকে বলেন, আল্লাহর ইবাদতের আহ্বান, তাগুতকে বর্জনের শিক্ষা, সমাজকে সতর্ক করা এবং নৈতিক নেতৃত্ব প্রদান আলেমদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে তিনি অনাকাঙ্ক্ষিত ভাষা পরিহার করে সংযত ও দায়িত্বশীল বক্তব্য প্রদানের আহ্বান জানান।
তিনি আল্লামা সাঈদী (রহ.)-এর জীবন ও কারাবাসের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর দুটি প্রধান মিশন কোরআনের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দেওয়া এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আলেম সমাজের প্রতি আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা ফখরুদ্দীন আহমদ, মাওলানা রুহুল আমীন, মাওলানা আবু বকর সিদ্দীক এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন হেলালী।
বক্তারা বলেন, ইসলামের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে, উলামায়ে কেরামের মর্যাদা সমুন্নত রাখতে এবং দ্বীনি দাওয়াতকে আরও বেগবান করতে বক্তব্যের জিহাদ (লিসান) ও সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
সম্মেলনে খুলনা বিভাগীয় সভাপতি হিসেবে মাওলানা ইব্রাহিম খলিল নির্বাচিত হন। একই সঙ্গে বিভাগের ১০ জেলার নবনির্বাচিত সভাপতিদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন খুলনা মহানগরী: মাওলানা মনিরুজ্জামান, খুলনা জেলা: মাওলানা আব্দুস সালাম রাশেদী, সাতক্ষীরা: মাওলানা মনিরুল ইসলাম, যশোর: মাওলানা জুলফিকার আল মাহমুদ, ঝিনাইদহ: মাওলানা আক্তারুজ্জামান, নড়াইল: মুফতী ওবাইদুজ্জামান, কুষ্টিয়া: মাওলানা জুলফিকার, চুয়াডাঙ্গা: মাওলানা আবু বকর শিকারী, মেহেরপুর: মাওলানা জাহাঙ্গীর আলম এবং বাগেরহাট: মাওলানা রুহুল আমীন।