নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক মহান মে দিবস সফলতার সাথে পালনের উদ্দেশ্যে গত সোমবার মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে মহানগরীর নেতৃবর্গদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি প্রাক্তন এমপি আ ন ম মোঃ শামসুল ইসলাম ও সঞ্চালন করেন কেন্দ্রীয় সেক্রেটারি ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি মোঃ কবির আহমেদ, লস্কর মোঃ তসলিম আলম, প্রাক্তন সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তর সভাপতি মোঃ মহিবুল্লাহ, দক্ষিণ সভাপতি আব্দুস সালাম। সভায় জোন পরিচালক, ঢাকা উত্তরের ৫২টি ও দক্ষিণের ৪৬টি থানার সভাপতি-সেক্রেটারি, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ইসলামী শ্রমনীতি চালু, বন্ধককৃত পাটকলসহ সকল বন্ধ কল-কারখানা অবিলম্বে চালু করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম শ্রমজীবী মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনা, জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়ন করা, গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করা, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধসহ শ্রমিকদের উপর প্রশাসনের হয়রানি বন্ধ, শ্রমজীবী মানুষের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করা, বেতনভাতাসহ নারী শ্রমিকদের মাতৃকালীন ছুটি ৬ মাস করা এবং সকল ধরনের শিল্প-কলকারখানার শ্রমিক ছাটাই বন্ধ করতে হবে প্রভৃতি দাবি সরকারের কাছে উপস্থাপনার লক্ষ্যে ঐতিহাসিক পল্টন মোড়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। সভায় শ্রমিক সংস্কার কমিশনের পরামর্শ সভায় ফেডারেশনের নেতৃবৃন্দের অবহিত না করার নিন্দা জানানো হয় এবং নারী সংস্কার কমিশনের ইসলাম বিদ্বেষী প্রস্তাবনা বাতিলের জোর দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।