মো.মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ) : ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জমে উঠেছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে বিপনীবিতান,মার্কেট ও বাজারগুলো এখন জমজমাট। বাজার করতে আসা নারী-পুরুষরা ঈদ এলেই নামি ব্র্যান্ডের পোশাকের প্রতি আলাদা আকর্ষণ থাকে ক্রেতাদের। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিপুল পরিমাণ নতুন পোশাক দোকানে তোলা হয়েছে। এরমধ্যে বিভিন্ন নামের বিদেশি পোশাকের চাহিদাই বেশী। বিশেষ করে পাকিস্তানী,ইন্ডিয়ান ও চায়না কাপড়েরর চাহিদা বেশী রয়েছে এবং এগুলো একচেটিয়া বিক্রি হচ্ছে। এবার ময়মনসিংহের ত্রিশালে ঈদ বাজারে মেয়েদের পোশাকের মধ্যে বেশি বিক্রি হচ্ছে হিরামান্ডি ও সারারা।

এ ছাড়া গারারা, ফার্সিকাট, মুসকাল, আফগান ও পাকিস্তানী থ্রি-পিসেরও রয়েছে ব্যাপক চাহিদা। বাহারি নামের এসব পোশাক কিনতে বিশেষ আগ্রহ দেখা গেছে তরুণীদের মাঝে। বিপনীবিতানগুলোতে এখন উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। মধ্যরাত পর্যন্ত নারী-পুরুষরা মার্কেটে অবস্থান করছেন। দোকানিদের সঙ্গে দামাদামি করে পছন্দের পোশাক কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা। আকর্ষণ বাড়াতে দোকান ও বিপনীবিতানগুলোতে অতিরিক্ত আলোকসজ্জা করা হয়েছে। শহর জুড়েই ঝলমল করছে আলোকসজ্জা।

সরেজমিনে শহরের বিভিন্ন শপিংমলে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি দোকানে পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন ধরনের পোশাকের সমাহার রয়েছে। বেচাকেনায় যেন দম ফেলার সময় পাচ্ছেন না বিক্রেতারা। তবে বিভিন্ন বয়সী মেয়েদের হিরামান্ডি, ফার্সি, সারারা, গারারা, ফার্সিকাট, মুসকাল, আফগান ও পাকিস্থানের থ্রি-পিসে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অন্যান্য থ্রি-পিসের চেয়ে এগুলোর দাম তুলনামূলক বেশি হলেও ক্রেতারা এসব পোশাকের দিকেই ঝুঁকছেন। এ ছাড়াও ইরানী বোরকার প্রতি বিশেষ আকর্ষন রয়েছে। ছেলেদেও পাঞ্জাবী চলছে একচেটিয়াভাবে।

বিক্রেতারা জানিয়েছেন, ঈদে বিভিন্ন নামের বা ব্র্যান্ডের পোশাক জনপ্রিয়তার শীর্ষে থাকে। এবছরও এমনটি হয়েছে। মেয়েদের রুচিশীল পোশাকের চাহিদা বিবেচনায় দোকানে পোশাক তোলা হয়েছে। এরই মধ্যে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। সময় যত গড়াবে, বিক্রি তত বাড়বে।

ত্রিশাল বাজারের সানাউল্লাহ মার্কেটের ব্যবসায়ী হৃদয় হাসান জানান,এবার আশার চেয়ে বেশী বিক্রি হচ্ছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য দিতে পারছি। তবে পাকিস্তানী পোশাকের চাহিদা বেশী থাকায় কিছুটা সংকট রয়েছে।