রামু (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের অবহেলিত এক জনপদের নাম চাকমার কাটা গ্রাম। বিগত এক দশকেও এই গ্রামে দৃশ্যমান কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। রাস্তা-ঘাটের বেহাল অবস্থার কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীকে।

সরেজমিনে দেখা যায়, গ্রামের প্রধান সড়কসহ অভ্যন্তরীণ রাস্তাগুলো খানা-খন্দে ভরা। কোথাও কোথাও এতটাই নাজুক অবস্থা যে, পায়ে হেঁটে চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়—পানিতে ডুবে যায় রাস্তা, সৃষ্টি হয় কাদাময় পরিবেশ, ফলে শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের চলাচলে দেখা দেয় চরম দুর্ভোগ।

স্থানীয় বাসিন্দা বখতিয়ার উদ্দিন, আবুতাহের, মামুন, অলি আহমেদ, লিটন, রবিউল এবং নুরুল ইসলামসহ অনেকে জানান, “নির্বাচন এলেই জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পর আর কেউ আমাদের খোঁজ রাখেন না। পাঁচ বছরেও কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।”

অবাক করার বিষয় হলো, এই চাকমার কাটা গ্রামটি কচ্ছপিয়া ইউনিয়নের অন্যতম শিক্ষিত জনগোষ্ঠীর আবাসস্থল। এখানে ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের বসবাস রয়েছে। তারপরও মৌলিক অবকাঠামোগত উন্নয়নে গ্রামটি চরমভাবে পিছিয়ে রয়েছে।

গ্রামবাসীর দাবি, দ্রুত রাস্তা সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। তারা আশা করেন, দীর্ঘদিনের এই অবহেলা কাটিয়ে চাকমার কাটা গ্রামও উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে।