বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপি বলেছেন, একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনমানের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলে।
রোববার (২১ জুন) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার শাহ ফখর উদ্দিন সড়কের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত পৃথক তিনটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১১টায় তিনি চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
পরে বিকাল ৩টায় মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা বাজার, বিকাল ৪টায় চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এবং বিকাল ৫টায় আলকরা ইউনিয়নের কুলাসার দাখিল মাদ্রাসা মাঠে পৃথক পথসভা অনুষ্ঠিত হয়।
ডা. তাহের বলেন, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
তিনি আরও বলেন, সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন এবং চৌদ্দগ্রাম উপজেলা প্রকৌশলী মু. মনিরুজ্জামান।
সভাপতির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, শাহ ফখর উদ্দিন সড়কের উদ্বোধনের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আর্থসামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তন আসবে।
পথসভাগুলোতে স্থানীয় নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।