বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছাড়া কোনো শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে না। শিক্ষা শুধু ভালো ফলাফল, চাকরি কিংবা অর্থ-সম্পদ অর্জনের মাধ্যম নয়, শিক্ষার প্রকৃত লক্ষ্য হলো সৎ, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল মানুষ তৈরি করা। ভালো ফলাফল জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও সততা, নৈতিকতা ও মানবিকতা দিয়ে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখাই একজন শিক্ষার্থীর প্রকৃত সাফল্য।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে যশোর পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর শহর শাখার উদ্যোগে SSC-২০২৬ পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, মহান আল্লাহ মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং তাকে জ্ঞান, বুদ্ধি ও বিবেক দিয়েছেন। শারীরিক শক্তিতে মানুষ অনেক প্রাণীর তুলনায় দুর্বল হলেও জ্ঞান-বিবেকের কারণেই মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। কিন্তু নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে ফেললে মানুষ তার শ্রেষ্ঠত্ব হারিয়ে হিংস্রতার দিকে ধাবিত হতে পারেন।
তিনি বলেন, সমাজে খুন, রাহাজানি, দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ ও বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড বেড়ে চলেছে। অর্থ ও সম্পদের জন্য আপনজনের সঙ্গে বিরোধ, এমনকি বাবা-মায়ের প্রতিও দায়িত্বহীনতার ঘটনা ঘটছে। সম্পত্তির ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে বিরোধের কারণে বাবা-মায়ের মরদেহ দাফনেও বিলম্বের মতো ঘটনা সমাজের ভয়াবহ নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে।
বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, একজন মা সন্তানকে গর্ভে ধারণ, জন্মদান ও লালন-পালনে অসহনীয় কষ্ট সহ্য করেন। অথচ সেই সন্তান বড় হয়ে অনেক সময় বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তাই সন্তানকে শুধু উচ্চশিক্ষায় শিক্ষিত করলেই হবে না, তাকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল, মানুষের প্রতি সহানুভূতিশীল এবং সমাজের প্রতি কর্তব্যপরায়ণ করে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, শরীর, মন ও আত্মার সমন্বিত বিকাশই প্রকৃত শিক্ষা। যে শিক্ষা মানুষের ভেতর থেকে অন্যায়, দুর্নীতি, অসততা ও অনৈতিকতা দূর করতে পারে না, সেই শিক্ষার উদ্দেশ্য নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে।
A+ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, পরীক্ষায় ভালো ফলাফল অবশ্যই আনন্দ ও গর্বের বিষয় তবে এটিকে জীবনের চূড়ান্ত সাফল্য মনে করলে চলবে না। নিজেদের জ্ঞান ও মেধাকে নৈতিকতা, সততা ও মানবিকতার সঙ্গে সমন্বিত করতে হবে। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও কল্যাণকর সমাজ গঠনের দায়িত্ব আজকের শিক্ষার্থীদেরই নিতে হবে। তারা যদি নৈতিকতা, আদর্শ, সততা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে বেড়ে ওঠে, তাহলে ভবিষ্যতে তারাই দেশকে নেতৃত্ব দিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
যশোর শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য উবাইদুল্লাহ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক ড. যায়েদ আহমেদ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুর ইসলাম এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল কলেজের অধ্যক্ষ তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানে SSC-২০২৬ পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।