মদন (নেত্রকোনা) সংবাদদাতা : মদন-ফতেপুর সড়কে যাতায়াত করার একমাত্র মাধ্যম এই দুই সেতু । দুই সেতুর মাঝখানে ভেঙে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। রডগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। উপজেলার শ্রীধরপুর ও পরশখিলায় অবস্থিত দুই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। ফলে দুই সেতু দিয়ে কোন ভারী যানবাহন চলাচল করতে পারছে না। বোরো মৌসুমে কৃষকের ধান উপজেলা সদরে এনে বিক্রি করাও সম্ভব হচ্ছে না। এতে করে কৃষকরা পাচ্ছে না ধানের প্রকৃত মূল্য। দীর্ঘদিন ধরে দুটি সেতু বেহাল অবস্থায় পড়ে থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন দুই সেতুর দুই পাড়ের বাসিন্দারা। জরুরী ভিত্তিতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে পথচারী তোফাজ্জল হোসেন,ইমরান, ফয়েজ আহমেদ হৃদয়, খোকন মিয়া,শফিয়ন তালুকদার,মোঃ রহুল আমিন জানান, মদন-ফতেপুর সড়কটি যেমন মরণ ফাদঁ তেমনি এ রাস্তায় দুই সেতুও মরন ফাঁদে পরিনত হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। উপজেলা প্রকৌশলীকে এ ব্যাপারে অবগত করা হলেও দুই পাশে দুটি সর্তক সাইন বোর্ড দিয়ে দায়সারা কাজ করেছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি,তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান মাষ্টার জানান, এ সড়কটি দিয়ে তিন ইউনিয়নের ৩৫ গ্রামের লোকজন যাতায়ত করে। ১৪ কিলোমিটার এ সড়কটি বেহাল। তিন কিলোমিটার কাজ শুরু হলেও রয়েছে বন্ধ। এ সড়ক মধ্যে চারটি সেতু রয়েছে। দুটি সেতুরস্লাব ভেঙে যাওয়ায় ভারী যানবাহন চলাচল করতে পারছে না। ছোট ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে । বিষয়টি নিয়ে উপজেলার বিভিন্ন সভায় উত্তাপন করা হলেও কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।