স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) হয়েছেন। গত রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে আরও চার কর্মকর্তার সঙ্গে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দেওয়া হয়।

পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার একজন সৎ, বিচক্ষণ ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

মোঃ ইসরাইল হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর ১৭তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী একজন চিকিৎসক।

তার এ পদোন্নতিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে নতুন দায়িত্বে আরও সফলতা কামনা করেছেন।