স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকাশনা যৌথভাবে প্রণয়ন, মুদ্রণ, প্রকাশ ও বিপণনের লক্ষ্যে বাংলা একাডেমির সঙ্গে ‘কো-পাবলিকেশনস’ কার্যক্রমে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম উপস্থিত ছিলেন।
সভায় ‘কো-পাবলিকেশনস’ কার্যক্রমের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজন ও পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানসম্মত পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকাশনা যৌথভাবে প্রকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব প্রকাশনা মুদ্রণ, বিপণন ও পাঠকের কাছে সহজলভ্য করার ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, 'শিক্ষার্থীদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য পাঠ্যপুস্তক নিশ্চিত করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাংলা একাডেমির মতো জাতীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করলে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী উন্নতমানের পাঠ্যপুস্তক, অনুবাদগ্রন্থ ও গবেষণাধর্মী বই প্রকাশের সুযোগ তৈরি হবে।'
তিনি বলেন, এ সহযোগিতা শুধু প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও বাংলা ভাষায় জ্ঞানচর্চার বিভিন্ন ক্ষেত্রেও দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে বাংলা ভাষায় উচ্চশিক্ষা ও গবেষণার পরিসর আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও প্রকাশনা কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষাসামগ্রী নিশ্চিত করার পাশাপাশি বাংলা ভাষায় জ্ঞানচর্চা ও গবেষণার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক ড. ফারুক আহম্মদ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ আফজাল হোসেন, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।