ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : কৃষক মোমিনুল ইসলাম বাড়ী দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টামাধবপুর ডাঙ্গাপড়া এলাকায়। এবার তিন বিঘা জমিতে আলু আবাদ করেছেন। এলাকার অন্য কৃষকদের সঙ্গে গত বুধবার দিবাগত রাত ১২টায় একটি ট্রাক্টরে ১৮ বস্তা আলু নিয়ে ফুলবাড়ী উপজেলার রাঙামাটিস্থ’ ফুলবাড়ী কোল্ড স্টোরেজে এসেছেন। গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিরিয়ালের কোনো স্লিপ পাননি। আদৌ আলু হিমাগারে রাখতে পারবেন কি না, তা নিয়েও রয়েছে সংশয়। এতে একদিকে সময়ের অপচয়, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি গাড়ি ভাড়া।
কৃষক মোমিনুল ইসলামের মতো এমন ভোগান্তিতে পড়েছেন একই এলাকার কৃষক এরশাদ আলী, ডাঙ্গাপাড়া এলাকার জাকিরুল ইসলাম, কবির হোসেন, বড়পুকুরিয়া এলাকার মো. নূরুন্নবীসহ অন্তত দুই শতাধিক আলু চাষি।
- সরেজমিনে ফুলবাড়ী ক্লোল্ড স্টোরেজ নামের হিমাগার এলাকা ঘুরে দেখা যায়, হিমাগারের ভেতরে অন্তত শতাধিক ট্রাক্টর, ভটভটি ও ব্যাটারি চালিত ভ্যান ভর্তি আলু নিয়ে হিমাগারে ঢোকানোর অপেক্ষায় কৃষক। কৃষকের আলুর সাথে সাথে রয়েছে বেশ কিছু ব্যবসায়ীদেরও ট্রাক্টর ভর্তি আলু। হিমাগারের ভেতরের অংশের পাশাপাশি ভেতরের ঢোকার অপেক্ষায় বাইরেও অবস্থান করছে অন্তত শতাধিক ট্রাক্টর ভর্তি আলু।
মোমনিুল ইসলাম বলেন, ‘আলুর গাড়িতে ঘুমাতে হচ্ছে। ড্রাইভার-হেলপারও নির্ঘুম রাত কাটাচ্ছেন। একে তো এবার আলুর দাম কম, তার ওপর উৎপাদনও ভালো হয়েছে। ফলে পরবর্তী সময়ে দাম ভালো দাম পেতে সবাই হিমাগারে আলু রাখতে ব্যস্ত হয়ে পড়েছেন।’ অনেকেই অভিযোগ করেছেন, হিমাগারে আলু ভর্তি করতে কৃষকদের চেয়ে ব্যবসায়ীদের বেশি প্রাধান্য দিচ্ছে হিমাগার কর্তৃপক্ষ। অনৈতিক সুবিধা নিয়ে দ্রুত সিরিয়াল পেতে সহায়তা করছেন হিমাগারের কমিশন এজেন্টরা। যদিও এমন অভিযোগ অস্বীকার করছেন ফুলবাড়ী কোল্ড স্টোরেজের ব্যবস্থথাপক মাহামুুদুল হাসান।
দিনাজপুর জেলার দক্ষিণ-পূর্বাংশের ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট এই পাঁচ উপজেলার মধ্যে একটি মাত্র হিমাগার রয়েছে ফুলবাড়ীতে। মৌসুমের শুরু থেকেই হিমাগারের সামনে আলু বোঝাই গাড়ির দীর্ঘ সারি থাকছে। কেউ উৎপাদিত আলু নিয়ে নিজে এসেছেন, কেউবা এজেন্টের মাধ্যমে পাঠিয়েছেন।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ এলাকার নারী কৃষক বিজলী রানী আগামী বছরে আবাদের বীজের জন্য ৫৫ কেজি ওজনের দুই বস্তা আলু নিয়ে বুধবার (১২ মার্চ) সকাল ১০ টার দিকে এসেছেন হিমাগারে। পরদিন বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল পর্যন্ত সিরিয়াল পাননি তিনি।