তিতাস (কুমিল্লা) সংবাদদাতা : রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লা তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং কুমিল্লা র্যাব-১১ এর সহযোগিতায় তিতাস থানা পুলিশ সোমবার রাতে তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তার মামা হারুন অর রশিদ সিকদারের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি হৃদয় মিয়াজী তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের দূলব্দী গ্রামের মাহবুব আলম ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্য সচিব।

গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা র্যাব-১১ এর কাছে হস্তান্তর করে তিতাস থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদ উল্যাহ বলেন,ঢাকায় পারভেজ হত্যার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১ এর সহযোগিতায় উপজেলার মনাইরকান্দি গ্রামের আসামির মামার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।