নাগরপুর (টাংগাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের নাগরপুরে অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণ করলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান। তিনি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

সম্প্রতি নাগরপুর বাজারে অবস্থিত মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে এ ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ঈদ সামগ্রী ও উপহার হিসাবে বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নাগরপুর সদর জামায়াতে ইসলামী সভাপতি মো. ইমরান হোসাইন, জামায়াত নেতা মো. রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের যুব বিভাগের অর্থ সম্পাদক মহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. কাউছার খাঁন, বিশ্ববিদ্যালয় ছাত্র মো. শিহাব প্রমুখ।

চট্টগ্রাম : শ্রমজীবী মানুষ ও নগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর। যৌথ শুভেচ্ছা বাণীতে ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা মোতাবেক রোজাদারের দুটি খুশির একটি দিন পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদের দিন আনন্দ-উৎসবের দিন। আমরা এই খুশির দিন শ্রমজীবী মানুষ ও নগরবাসীর সাথে ভাগাভাগি করে নিতে চাই।

নেতৃদ্বয় বলেন, অতীতের দুঃখ-বেদনা ও ধনী ও গরিবের সীমারেখাকে পাশ কাটিয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নেয়ার দিন হল ঈদুল ফিতর। শোষণ-বঞ্চনা ও বৈষম্যমুক্ত একটি মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় জীবনে ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। তারা বলেন, নগরের বৃহত্তর জনগোষ্ঠী শ্রমজীবী মানুষ। যারা বছরের পুরোটা সময় মাথার ঘাম পায়ে ফেলে অতি কষ্টে জীবনযাপন করে। জীবনযাত্রার অত্যধিক ব্যয়ের কারণে যাদের জীবিকা নির্বাহ করতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। মেহনতি শ্রমিকদের জীবনে সুখ-শান্তি বলতে কোনো শব্দ নেই। বরং বেঁচে থাকার তাগিদে তারা প্রতিদিনই দুঃখ-কষ্টকে আলিঙ্গন করে। এই শ্রমিকদের ঘরে ঈদের আনন্দ ধরা দেয় না। এমতাবস্থায় শ্রমজীবী মানুষের ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে মালিকপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

শিবালয় (মানিকগঞ্জ) : অতিদরিদ্র, অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে ঈদুল ফিতর ২৫ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে চাল বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মীর সোহেল আহমেদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিক মল্লিক, বালিয়াটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, বালিয়াটি ইউনিয় সচিব আসাদুজ্জামান রিপনসহ আরও অনেকেই। এসময় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত চাল বিতরণী অনুষ্ঠানে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৭৬ জন মানুষের এই চাল বিতরণ করা হয়।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির পাতরাপাড়া মানব কল্যাণ ভোগ্যপণ্য সমবায় সমিতির (রেজি নং-০৪৩) পক্ষ থেকে গরিব মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাতরাপাড়া মানব কল্যাণ ভোগ্যপণ্য সমবায় সমিতির প্রতিষ্ঠাতা নুর মোহাম্মাদ আবুল কালাম আজাদ এর সার্বিক সহযোগিতায় গরিব মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলে কারও কোন অনুদান দেয়ার ইচ্ছা থাকলে তারা পাতরাপাড়া মানব কল্যাণ ভোগ্যপণ্য সমবায় সমিতির সাথে যোগাযোগ করে দিতে পারেন। তাদের এই সাহায্য অসহায়, গরীব-দুঃখী মানুষের মাঝে পৌঁছে দেয়া হবে।

ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাতরাপাড়া মানব কল্যাণ ভোগ্যপণ্য সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য বৃক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পাটকেলঘাটা (সাতক্ষীরা) : ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ওইডঋ) উদ্যোগে পাটকেলঘাটা বাজার মসজিদ প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা বিতরণ করা হয়।

আলহাজ্ব শামসুদ্দিন সরদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়লিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান সরদার, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন (আই বি ডব্লিউ এফ)-এর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (ওইডঋ) এর পাটকেলঘাটা থানা সভাপতি মোঃ মফিজুল ইসলাম, থানা সেক্রেটারি মোঃ নেসারুল হক, পাটকেলঘাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক খান, তালা উপজেলা পেশাজীবী সংগঠনের সেক্রেটারি মাওলানা শাহ আলম, পাটকেলঘাটা শহর জামায়াতের সেক্রেটারি ডাঃ জাহিদুর রহমান, সাংবাদিক মাসুদুর রহমান সুরুজ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই সমাজের ধনীদের উচিত তাদের দানের হাতকে প্রসারিত করে গরিবদের সাহায্য করা। বিত্তবানরা এগিয়ে এলে সমাজের শান্তির পরিবেশ ফিরে আসবে, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। তিনি উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ পরিবর্তনে অংশগ্রহণের মাধ্যমে একটা সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে ১১০ জন মানুষের মাঝে অর্ধ লক্ষাধিক নগদ টাকা বিতরণ করা হয়।