পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড়ে শুরু হয়েছে বারুণী মহাস্নান উৎসব। বৃহস্পতবিার (২৭ মার্চ) সকাল থেকে বারুণী গঙ্গা স্নানের মধ্যদিয়ে শুরু হয় বারুনী পূণ্যস্নান মহা উৎসব। পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে হিন্দু ধর্মালম্বীদের এই উৎসব শুরু হয়। শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত বারুণী মহাস্নান উৎসব।

পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মালম্বীরা অংশ নেয় এই স্নান উৎসবে। হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থীরা ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হয় করতোয়া নদীর তীরে। দল বেধে তারা করতোয়ার উত্তরমূখী স্রোতে স্নান শুরু করে। হিন্দু সম্প্রদায়ের মাঝে কথিত আছে, এই স্থানে নদীর প্রবাহ সোজা উত্তরমুখী হওয়ায় এখানে স্নান করা পুণ্যের কাজ। করতোয়া নদীর এই স্থানে এসে নদীটি প্রায় ১ কিলোমিটার পর্যন্ত উত্তর দিকে উত্তর স্রোতের পানি প্রবাহিত হয়। দেহ-মন থেকে পাপ মোচনের আশায় পবিত্র হওয়ার জন্য অনেকে মাথার চুল বিসর্জন দেয়, পূজাঅর্চনা করে। হিন্দু ধর্মাবলম্বীরা সংকল্প বাক্য স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা ফুল ধান দূর্বা হরীতকীসহ ফলমুল ইত্যাদি অর্পনের মাধ্যমে স্নান সম্পন্ন করে।