ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের শাহমল্লিকদী গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বুধবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত গ্রামবাসী ঢাল, সরকি, রামদা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষের ফলে এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। আহত হয় কমপক্ষে ২৫ জন। তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে গ্রামের আবদুল আজিজ টুকু মোল্লা ও শাফি মোল্লার মধ্যে সংঘর্ষ বাধে। আবদুল আজিজ টুকু মোল্লার ছেলে মনিরুল মোল্লা প্রতিপক্ষ আরিফ মোল্লাসহ কয়েকজনকে এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয় বলে তারা দাবি করেন। তবে প্রতিপক্ষরা বলেন জমিজমা নিয়ে দ্বন্দ্ব রয়েছে দীর্ঘদিনের। তারাই বিভিন্ন অপরাধকর্মে যুক্ত।

এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ শান্ত রয়েছে।