নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপদ (সওজ) এর জায়গা থেকে আওয়ামীলীগ কার্যালয়সহ সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে সকাল থেকে দিন ব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তায় যানজট নিরসনে (সওজ) এর জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়সহ প্রায় দেড় হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে দশটা থেকে মহাসড়কের সোনারগাঁও অংশে মোগরাপাড়া এলাকায় পূর্ব পাশে গড়ে উঠা বিভিন্ন দোকানপাট সহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এসময় উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়সহ প্রায় দেড় হাজার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে বহুবার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করেন। প্রতিবারই কিছুদিন যেতে না যেতেই স্থানীয় কিছু দুষ্ট চক্র পুনরায় দখল করেন। এবার কোনো ক্রমেই আর দখল করা যাবে না। জেলা প্রশাসকের নির্দেশনাতেই সোনারগাঁয়ের ইতিহাসে এই দুর্বার অভিযান পরিচালনা করা হয়েছে। যদি এরপর আর কেউ দখল করার পায়তারা করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দেয়া হবে।