ঢাকা অভিমুখী 'মহানগর গোধূলি' ট্রেনের স্টুয়ার্ড গার্ড মোশাররফ হোসেন ময়লার ঝুড়িতে পাওয়া জর্দার কৌটা থেকে স্বর্ণের চেইন ও নগদ টাকা যাত্রীকে ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তাঁর সততার স্বীকৃতি স্বরূপ আজ রোববার (২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। পাশাপাশি উপহার হিসেবে তাঁর হাতে নগদ অর্থ তুলে দেন এবং সমাজে ভালো কাজের দৃষ্টান্ত স্থাপনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৫ জুলাই ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনে এই ঘটনা ঘটে। ট্রেনের কেবিনের ময়লার ঝুড়িতে আমের খোসা ফেলতে গিয়ে পলিথিনে মোড়ানো কয়েকটি জর্দার কৌটা পান স্টুয়ার্ড গার্ড মোশাররফ হোসেন। শাশুড়ি জর্দা পছন্দ করেন বিধায় সেটি নিজের কাছে রেখেও দিয়েছিলেন তাকে দেওয়ার জন্য। কিছুক্ষণ পর এক যাত্রী ফোন করে কৌটা হারানোর কথা জানালে তিনি সত্যতা নিশ্চিত হন।কৌটার ভেতর থাকা স্বর্ণের চেইন ও নগদ টাকা কোনো লোভ না করে তিনি ওই যাত্রীকে নিরাপদে ফেরত দেন।

মো. মোশারফ হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর বাসিন্দা।