শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল কনভেনশন হলে জেলা প্রশাসন, গাজীপুর ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় গাজীপুরে কর্মরত প্রায় ৮০ জন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া-এর হাতে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদের সনদ তুলে দেন। এ সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত জেলা প্রশাসক বলেন, 'এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। সাংবাদিক সমাজের এই সম্মান ও ভালোবাসা আমি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব। আপনারা আমাকে সত্যিই ঋণী করে ফেলেছেন।'
কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিশু অধিকার, শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম। কর্মশালার প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এছাড়া ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবাশীষ রঞ্জন সরকার সাংবাদিকতার পেশাদারিত্ব, নৈতিকতা, সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
বক্তারা বলেন, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সত্যকে প্রতিষ্ঠিত করে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করে। কোনো অপশক্তির কাছে গণমাধ্যমকে পরাজিত হতে দেওয়া যাবে না। সত্যনিষ্ঠ, সাহসী ও নৈতিক সাংবাদিকতার মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখতে হবে। শিশু ও নারীর অধিকারসংক্রান্ত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবেদনশীলতা, তথ্য যাচাই এবং ভুক্তভোগীর মর্যাদা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য যাচাই, শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহবিষয়ক আইন এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেন এবং জাতীয় পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ বাস্তব অভিজ্ঞতার আলোকে সেসব প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের তিনটি নিঃস্বার্থ সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে নির্মিত তিনটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করেন। এসব উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, দায়িত্বশীল, মানবিক ও নৈতিক সাংবাদিকতা বিকাশের পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সক্ষমতা আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।