মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে এক বিজিবি সদস্যের বাড়িতে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে বাড়ির সীমানা বেষ্টনী ভাঙচুর ও ঘরের আসবাবপত্র তছনছ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বামন সুন্দর বাজারের জয়নাল আবেদীন সওদাগর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় বিজিবি সদস্য মাঈনুদ্দিন সবুজের ছোট ভাইয়ের স্ত্রী বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, স্থানীয় আমান উল্যাহ (৪৫) ও আব্দুল্লাহ আল নোমান (২৮) এর নেতৃত্বে গত বৃহস্পতিবার বিকাল ৪ টায় অপরিচিত ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী নিয়ে অতর্কিত হামলা চালায় ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। হামলায় বাড়ির নিরাপত্তা বেষ্টনী ও ঘরের আসবাবপত্র তছনছ করা হয়।
বিজিবি সদস্য সবুজের মা সুফিয়া বেগম জানান, আমান উল্যাহ নামি আমাদের কাছে জায়গা পাবে তাই সে প্রতিনিয়ত গালাগালি ও হুমকি ধমকি দিয়ে আসতেছে। আমাদের বাড়িতে হামলা করতেছে। আমার ছেলেরা সবাই চারকি করে দেশের বিভিন্ন জেলায় থাকে। আমি ছেলে বউদের নিয়ে আতঙ্কে রাত পার করছি। জায়গা পেলে বিচার আচার আছে থানা আদালত আছে। কিন্তু তারা প্রতিনিয়ত আমার বাড়িতে হামলা করছে।
অভিযুক্ত আমান উল্যাহ বলেন, আপনি ঘটনাস্থলে আসেন আশেপাশের মানুষের সাথে কথা বলেন। এরা কত খারাপ জানতে পারবেন। এরা সবাই আওয়ামী সন্ত্রাসী। সবুজ বিজিবির সদস্য হলেও সে একটা আওয়ামী ক্যাডার ছিল এখন তারা পলাতক রয়েছে। তারা জোরপূর্বক আমার জমিতে তাদের বাড়ির সীমানা প্রাচীর দিয়েছে।
আদালতে দুটি মামলা করেও তাদের দখল থেকে আমার জমি উদ্ধার করতে পারি নাই। আর তাদের বাড়িতে হামলার প্রশ্নই আসে না। কথাবার্তার মাধ্যমে ওদের লোকজন আমার জায়গা থেকে ওদের সিমানা বেষ্টনী খুলে দিয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ, সাব্বির মোহাম্মদ সেলিমের সাথে যোগাযোগ করা হলে লিখিত অভিযোগ প্রাপ্তি ও আইনি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে বলেন বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি।