শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আসিফুল হক চৌধুরী জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে এবং দেশের ভেতরে সরবরাহ ব্যবস্থায় কোনো সংকট নেই। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর ও ঢাকার শিল্পাঞ্চলের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ সংক্রান্ত বিষয় সুষ্ঠুভাবে নিষ্পত্তির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গাজীপুর মোঃ নূরুল করিম ভূঁইয়া। মন্ত্রী বলেন, শিল্পকারখানায় জ্বালানি সরবরাহ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করা জরুরি। তিনি স্পষ্ট করে জানান, শিল্পকারখানার জন্য নির্ধারিত জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে অকটেন ও পেট্রোল সরবরাহের বিষয়ে নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘শ্রমিক ও মালিকদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে হবে। শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিল্পখাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।’

মন্ত্রী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ে গিয়ে বাস্তব পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের পাশাপাশি উৎপাদন কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য গাজীপুর-৪ ফজলুল হক মিলন, সংসদ সদস্য গাজীপুর-৩ ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সংসদ সদস্য গাজীপুর-১ মেয়র মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, প্রশাসক গাজীপুর জেলা পরিষদ চৌধুরী ইসরাত আহমেদ সিদ্দিকী, পুলিশ সুপার গাজীপুর মোঃ শরিফ উদ্দিন, শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় বক্তারা শিল্পখাতের চলমান চ্যালেঞ্জ, শ্রমিকদের কল্যাণ, উৎপাদন বৃদ্ধি এবং শিল্পায়নের টেকসই উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।