সলঙ্গা (সিরাজগঞ্জ) ফারুক আহমেদ : মানব সেবামূলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের পক্ষ হতে পবিত্র মাহে রমযান উপলক্ষে সুবিধাবঞ্চিত, অসহায়, গরীব ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক ও মানবিক সংগঠন ‘প্রিয় সলঙ্গার গল্প’ প্রতি বছরের ন্যায় এবারেও প্রায় একশ’ হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন। ঈদসামগ্রী পেয়ে খুশি তারা। ঈদ সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ, আলু, লবণ, পোলার চাউল, ডাল, গুঁড়ো দুধ, লাচ্ছা, তেল, চিনি ও সাবান।

এ উপলক্ষে গত শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদরাসা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের চীফ এডমিন শাহ আলম। এস. এম ফারুক হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী এটর্নি জেনারেল আসাদ উদ্দিন। অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, সলঙ্গার কৃতী সন্তান সাকোয়াত হোসেন, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা কে.এম আব্দুল মজিদ, দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উপদেষ্টা আব্দুল মান্নান, উপদেষ্টা আবদুস ছালাম মাস্টারসহ অনেকে। সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল তার বক্তব্যে বলেন, ‘প্রিয় সলঙ্গার গল্প’ গ্রুপটি একটি সামাজিক ও মানবিক সংগঠন। সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করায় এই সংগঠনের কার্যক্রম ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের কর্ণধার শাহ আলম ও তার অন্যান্য সহযোগীদের অক্লান্ত শ্রমের বিনিময়ে দানশীলদের সহায়তায় মানব কল্যাণে সংগঠনটি ক্রমেই এগিয়ে যাচ্ছে। যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।