পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনার পাইকগাছায় ৭০ বছরের দখলীয় চিংড়ি ঘের অবৈধভাবে দখল করায় তা ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছে ঘের মালিক। বিষয়টি নিয়ে উভয়পক্ষ একাধিক মামলায় জড়িয়ে পড়েছে।

মামলার বিবারণ ও সরজমিনে জানা যায়, উপজেলার রায়পুর গ্রামের দীপক কুমার মুনি ওয়ারেশ সুত্রে শেখরডাংগা মৌজায় (কোশিয়ার) ডিসির মুলে ৪০ বিঘা জমি ভোগ দখল করে আসছেন। যার ভিপি লীজ কেস নম্বর ২৪ / ৬৬ - ৬৭। তাছাড়াও সায়রাত ৬১ / ৬৪-৬৫ নং কেসে এবং রেকডীয় মালিক মতিলাল মুনির ওয়ারেশ কিছু জমি রেকর্ড প্রাপ্ত হন। ইতোমধ্যে ৭ এপ্রিল বিকেল ৩টার দিকে কপিলমুনির আশুতোষ দত্ত, দীপংকর দত্ত ও নারায়ণ দত্ত স্থানীয় রেজাকপুর গ্রামের মৃত সমসের সরদারের ছেলের মাধ্যমে ২৫ বিঘা জমি জবর দখল করে নিয়েছে। এ সময় বাধা দিতে গেলে দীপক মুনিরসহ তার লোকজনকে মারপিট করে ঘের থেকে বের করে দেয়। টানা জাল দিয়ে মাছ ধরে নেয়। ক্ষতিসাধন করে প্রায় দেড় লক্ষাধিক টাকার। এ বিষয়ে প্রতিপক্ষ সোহরাব আলী সরদার জানান, তিনি দীপংকর দত্তদের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে হারিতে লীজ নিয়ে দখলে গিয়েছি। কার কি বৈধ বা অবৈধ কাগজ আছে তা তারাই ভাল বলতে পারবেন। এ বিষয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষের নামে ১৩-৪-২০২৫ তারিখে সি আর ৩৪৭/ ২০২৫মামলা করেছে। আদালত বিষয়টি তদন্তপুর্ক প্রতিবেদন দেয়ার জন্য থানায় পাঠিয়েছে। থানার উপ পুলিশ পরিদর্শক নুরে আলম শুক্রবার বিকেলে সরজমিনে তদন্ত করেছেন বলে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান।

চট্টগ্রাম শহরে ৩৭টি স্পটে ২৫০ থেকে ৩০০ শিশু রাস্তায় বসবাস করছে : শারমীন এস মুরশিদ

চট্টগ্রাম ব্যুরো : মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, যে দেশ শিশুদের সুরক্ষিত রাখতে পারে না সে দেশকে আর আমরা সফল বলতে পারি না। আমার দৃষ্টিতে বাংলাদেশ হতে হবে শিশুদের জন্য। তিনি বলেন, দরিদ্র শিশুদের বিনামূল্যে সরকারি স্কুলে শিক্ষা, বসবাসের জায়গা করে দেয়া, সুস্বাস্থ্যের জন্য চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি এলাকার কমিউনিটির মাধ্যমে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাহলে সারা পৃথিবী জানবে বাচ্চারা নিরাপদ, বাচ্চারা সুস্থ এবং বাচ্চারা গড়ে উঠেছে একটি দায়িত্বশীল পরিম-লে।

তিনি শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবে একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার' পথশিশুদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফেরানো শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমাদের দেশে পথ শিশুদের সমস্যা বহুদিনের। আমি এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রান্তিক পর্যায়ে অবহেলিত নারী ও শিশুদের লালন, পালন, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে তাদের জন্য নির্দিষ্ট উন্নয়নমূলক কাজের বিষয়ে আমার নৈতিকতার দিক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। তিনি বলেন, আমি অফিসকে দায়িত্ব দিয়েছিলাম যে, ঢাকা শহরে কি পরিমান বাচ্চারা ভিখারী, রাস্তায় থাকতে কেন বাধ্য তারা, একটা জরিপ করার জন্য।

মন্ত্রণালয় যে জরিপটা করেছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, যে সমস্যাটা আমরা পেয়েছি তা মোকাবেলা করতে কয়েকটি ক্ষেত্র লাগবে। তার মধ্যে পুলিশকেও অংশগ্রহণ থাকতে হবে। চট্টগ্রাম শহরে প্রাথমিক জরিপে দেখা গেছে যে, ৩৭ টি স্পটে ২৫০ থেকে ৩০০ শিশু রাস্তায় বসবাস করছে। আমি দেখেছি এরা পথে বসে বসে প্লাস্টিক থেকে ইনহেইল করে নিঃশ্বাস নেয়, নেশা করে। এই সমস্ত বাচ্চাদের দায়িত্ব কি আমরা নিতে পারি না। তিনি বলেন, আমি বলবো যে, নতুন বাংলাদেশকে যারা উপহার দিলো সে সকল তরুণ বাচ্চাদের ৩৭টি স্পট কমিউনিটিতে কাজে লাগাতে হবে। পথ শিশুদের উন্নয়নে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাহলেই বাচ্চারা সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ছামছুল আলম এনডিসি পিএসসি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম প্রমুখ।