শ্রমিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যয়ে শিল্পনগরী টঙ্গীতে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেয় শ্রমিক, মালিক ও প্রশাসনের প্রতিনিধিরা।
শুক্রবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তন (টিআই), কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং গাজীপুর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন টঙ্গী শিল্প সম্পর্ক শিক্ষায়তনের পরিচালক মিনু আফরোজ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোছাঃ সালমা খাতুন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক প্রকৌশলী এম এ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, হামেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের মোল্লা, উপ-মহাব্যবস্থাপক আশাদুল ইসলাম আসাদ, গাজীপুর শ্রম আদালতের ডেপুটি ম্যানেজার জাকারিয়া খালেদ, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপ-ব্যবস্থাপক (মানবসম্পদ) মোঃ জাকারিয়া খালেদ, টঙ্গী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, শ্রমিক প্রতিনিধি সিদ্দিকুর রহমান, শিল্প সম্পর্ক ইনস্টিটিউটের শিল্পী আব্দুল বাতেন এবং অডিও ভিজ্যুয়াল অফিসার মোঃ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ইতিহাস বহন করে, ১৮৮৬ সালের শিকাগোর ঐতিহাসিক শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে ৮ ঘন্টা কর্ম দিবসের দাবিতে যে আত্মত্যাগের ইতিহাস রচিত হয়েছিল তা আজও বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনের প্রেরণা জোগায়। একইসঙ্গে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।
সভায় বক্তারা আরও উল্লেখ করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের সমন্বিত উদ্যোগই পারে একটি নিরাপদ ও মানবিক শিল্প পরিবেশ গড়ে তুলতে।