এক নারীকে হত্যাচেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) ছানাউল্ল্যাহ মঙ্গলবার এ আদেশ দেন। আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো গতকাল বুধবার দৈনিক সংগ্রামকে এ তথ্য নিশ্চিত করেছে।

শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত ১২ মার্চ মেহের আফরোজ শাওন, তার বাবা, ভাইসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন নিশি ইসলাম নামের এক নারী। তিনি মামলায় বলেছেন, অভিনেত্রী শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী তার স্বামী। তিনি আদালতে তাদের কাবিননামা জমা দিয়েছেন।

নিশি ইসলামের মামলাটি আমলে নিয়ে আদালত মেহের আফরোজ শাওনসহ ১২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। মঙ্গলবার ছিল মামলার হাজিরার দিন। এদিন শাওনসহ ১০ জন আদালতে হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মেহের আফরোজ শাওন ছাড়া তার বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, ভাই মাহিন আফরোজ, বোন সেঁজুতি ও তার স্বামী সাব্বির, শাওনের বাবার বোনের ছেলে মোখলেছুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ, সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, সিটিজেন কেবলসের মহাব্যবস্থাপক সুব্রত দাস এবং হিসাব বিভাগের প্রধান মাইনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এ ছাড়া দুজন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তারা হলেন পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া ও উপপরিদর্শক শাহ আলম। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।