সামসুদ্দিন তুহিন, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আরসিসি সড়কের নিচে মাটি সড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থা! যেকোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ আহ্বান স্থানীয়দের। সরজমিনে দেখা যায় টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত বালিগাঁও সরকারি প্রথমিক বিদ্যালয়ে প্রবেশের আরসিসি ঢালাইকৃত সড়কটির নিচের মাটি সড়ে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে, সড়কটির ৪টি আরসিসি ঢালাই করা স্লাপ এর নিচ থেকে মাটি সরে যাওয়ায় সড়কটি বিপদজনক হয়ে উঠেছে। এ সড়কটি দিয়ে যত্রতত্রই মাহিন্ড্রা ট্রলিও চলাচল করে। যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা। রাস্তাটি দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রা। দেখা যায় উপজেলার বালিগাঁও টু আড়িয়াল সড়ক ঘেঁষে এ বিদ্যালয়টি অবস্থিত। মূল সড়কের পাশে ছোট্ট সড়ক রয়েছে এ বিদ্যালয়টিতে প্রবেশের। আর এ সড়কটির স্লাপ ঢালাই এর নিচ থেকে মাটি সরে যাওয়ায় বিপদজনক হয়ে উঠেছে সড়কটি। এখান দিয়ে ছোট-বড় গাড়ি চলার কারণেই বেশি ঝুঁকিতে রয়েছে এ সড়কটি। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ স্থানীয়রাও বেকায়দায় রয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিষয়টি জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা, এজন্য কর্তৃপক্ষকে বিষয়টি সমাধান করার আহ্বান করেন তারা।
স্থানীয় বাসিন্দা পিন্টু বেপারী বলেন, এ রাস্তাটার উপরে কিছু অংশ স্লাপ ঢালাই দেওয়া। স্লাপের নিচ থেকে মাটি সরে রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। প্রাইমারি স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী এবং এলাকাবাসী যাতায়াত করে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। মেম্বারকে একাধিকবার বলেও কোনো কাজ হয়নি। প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি সড়কটি যাতে দ্রুত মেরামত করে চলাচলে নিরাপদ করা হয়।
এবিষয়ে বালিগাঁও ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার দ্বীন ইসলাম বলেন, আমরা সড়কটি দ্রুতই সংস্কার করবো। টিআর প্রকল্পের জন্য আবেদন করা হয়েছে।
এবিষয়ে ইউপি সচিব মহিউদ্দিন বলেন, আমরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে টিআর প্রকল্পের জন্য আবেদন করেছি। প্রকল্প অনুমোদন হলে দ্রুতই মাটি ফেলে সড়কটি সংস্কার করা হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, বালিগাঁও থেকে সড়ক সংস্কারের জন্য একটি টি আর প্রকল্পের আবেদন এসেছে। জেলায় পাঠিয়েছি। অনুমোদন হলে দ্রুতই সড়কটি সংস্কার করা হবে।