ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ‘কলমে রেখেছি সাহসের শপথ, ঐক্য নিষ্ঠা আর সৃজনশীলতায় এক দশক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে পায়রা অবমুক্তকরণের মাধ্যমে দিনব্যাপী আয়োজিত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এম জাকির হোসেন খান। পরে সেখান থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে সাংবাদিক সমিতির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় সাংবাদিক সমিতির কার্যালয়ে সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবনের হল রুমে একটি আলোচনা সভা এবং বাংলা মাসের বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
সাংবাদিক সমিতির সভাপতি মো. কামরুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাতী বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফাউন্ডার এন্ড ভাইস-প্রেসিডেন্ট ডা. মো. মাহবুবুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং চেঞ্জ ইনিশিয়েটিভের চিফ এক্সিকিউটিভ এম জাকির হোসেন খান।