চুয়াডাঙ্গা সংবাদদাতা : দাফনের আড়াই মাস পর বাড়ি ফিরল চুয়াডাঙ্গা আলমডাঙ্গার কিশোর তোফাজ্জল হোসেন তুফান (১৫)। গ্রামের সাধারণ মানুষ বলছেন অলৌকিকভাবে এ কিশোর বাড়ি ফেরেন। বাবা-মা তার সন্তানকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। গ্রামবাসী এক নজর তুফানকে দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন। তুফানের কোমরে একটি কালো রঙের দাগ রয়েছে তা দেখেই পরিবারের সদস্যরা নিশ্চিত হন। সম্প্রতি আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের নিজ বাড়িতে ফিরে আসেন তুফান।
তোফাজ্জল হোসেন তুফান আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের গোরস্থান পাড়ার আবু সাঈদের ছেলে।
জানা যায়, প্রায় তিন মাস আগে তুফান সবার অজান্তে বাড়ি থেকে শ্যামলীতে চলে যায়। শ্যামলী এলাকাতে দিনমজুর হিসেবে কাজ করতো।
তুফানের পিতা আবু সাঈদ জানান, প্রায় তিন মাস আগে তুফান বাড়ির কাউকে কিছু না বলে অজানার উদ্দেশ্যে চলে যান। আড়াই মাস আগে সংবাদ পায় গাইবান্ধায় এক কিশোর সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মারা যাওয়া ওই কিশোরের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তুফানের বাবাসহ গ্রামের নয়জন মিলে গাইবান্ধায় ছুটে যান। মরদেহের সাথে সবাই তুফানের চেহারার সাথে মিল পায়। সেখানে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ আলমডাঙ্গায় গ্রামের বাড়িতে নেয়া হয়। বৈদ্যনাথপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
তিনি আরো বলেন, তুফানের মা সে সময় দাবি করেছিল লাশটি তার সন্তানের নয়। চেহারায় মিল থাকলেও সেটি তুফানের নয়। তুফানের কোমরে কালো রংয়ের একটি দাগ ছিল। কিন্তু লাশের কোমরে কালো রং এর দাগ না থাকায় তার মা সন্তানের লাশ নয় বলে জানায়।
শুক্রবার সকালে তুফান ঢাকাতে কাজ শেষে নিজ গ্রামের বাড়িতে ফিরে আসে। সবাই তুফানকে দেখে আশ্চর্য হয়ে পড়েন। এরপর গ্রামের লোকজন তুফানকে এক নজর দেখতে তার বাড়িতে ছুটে আসেন।
তুফান জানায়, সে একাই কাজের সন্ধানে ঢাকার শ্যামলী এলাকায় চলে যায়। সেখানেই কাজ করতেন। পরিবারের সাথে ঈদ করতে সে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে তুফান জানতে পারে তার মত চেহারার একজনকে পরিবারের লোকজন মৃত সন্তান ভেবে দাফন করে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটি জীবিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছে আজ সকালে।