শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : আসন্ন ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে। তবে তেমন ভিড় না থাকায় স্বস্তিতেই ঘরে ফিরতে পারছেন বলে জানিয়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাটে প্রাইভেটকার, মাইক্রোবাস, ছোট গাড়ি ও যাত্রীবাহী বাসের চাপ বাড়তে থাকে। লঞ্চেও যাত্রীদের বেশ ভিড় লক্ষ্য করা গেছে। সিরিয়াল মতো সব যানবাহন পার হচ্ছে বলে নিশ্চিত করেছে ঘাট কর্তৃপক্ষ। ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার ঈদে ঘরমুখো মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে হয়ে বাড়ি ফেরেন। এবারের ঈদকে সামনে রেখে পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টের ৩, ৪ ও ৫ নম্বরসহ সব কয়েকটি পন্টুন প্রস্তুত করেছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। নির্ধারিত যে কয়েকটি পন্টুন আছে, সবকটিতে ফেরি লোড-আনলোড হবে। যাত্রী ও যানবাহন পারাপারের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১৭টি ফেরি ও ৩৩ লঞ্চ নিয়োজিত থাকবে।
ঘাটে পার হতে আসা যাত্রী মো. সফিক জাগো নিউজকে বলেন, ‘আমি ঢাকার বাবুবাজার এলাকায় পেন্টিং ব্যবসা করি। পরিবারের সঙ্গে ঈদ করবো বলে আগেভাগেই বাড়ি যাচ্ছি। গতবছর ঈদের আগে বাড়ি যাইতে খুব কষ্ট হয়েছিল। এজন্য এবার আগেভাগেই বাড়ি যাচ্ছি। ফরিদপুরের মল্লিকপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘মিরপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। মিরপুরেই স্ত্রী-সন্তানসহ থাকি। বাবা-মায়ের সঙ্গে ঈদ করবো বলে গ্রামের বাড়িতে যাচ্ছি। তবে ঘাটে তেমন ভিড় নেই। এজন্য একটু স্বস্তিতে যেতে পারছি।’
কুমিল্লায় ঘুস ও চাঁদা দাবির অভিযোগে ওসিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা অফিস : কুমিল্লার মুরাদনগরে ঘুষ ও চাঁদা দাবির অভিযোগে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নং আমলী আদালতে মো. মেহেদী হাসান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন
আমলী আদালতের বিচারক মো. মোমিনুল হক মামলাটি আমলে নেন। আগামী ১৯ মে তারিখের মধ্যে পিবিআই কুমিল্লাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাজ্জাক তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাদী মো. মেহেদী হাসান পেশায় একজন ইলেকট্রিশিয়ান। তার ভাই সিএনজি চালক মো. আবুল কালামের কাছে আসামীরা চাঁদা এবং ঘুষ দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার এক নম্বর আসামী মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান।
আদালত সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ইলেকট্রিশিয়ান মেহেদী হাসানের ভাই সিএনজি চালক আবু কালামকে উপজেলার কোম্পানীগঞ্জ নগরপাড় সিএনজি স্টেশন থেকে পুলিশ ধরে নিয়ে যায়। খবর পেয়ে তার ভাইকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে অনুরোধ করলে ওসি জাহিদুর রহমান ১ লাখ টাকা ঘুষ দাবি করেন। এর আগে মামলার অন্য আসামীরা শ্রমিক দলের নেতা ও সিএনজি চালক আবুল কালামের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। সিএনজি চালক চাঁদা না দিলে অভিযুক্তরা পুলিশকে ফোন করে ডেকে এনে কালামকে আটক করায় বলে অভিযোগ বাদীপক্ষের।
এর আগে গত ২৪ মার্চ রাতে সিএনজি চালক আবুল কালামকে পুলিশ মুরাদনগর থানায় ধরে নিয়ে আসলে তাকে ছাড়ানোর জন্য সেখানে যায় স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা। এ নিয়ে সেখানে হট্টগোল তৈরি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং এক ছাত্র সমন্বয়ক বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। এর প্রতিবাদে মুরাদনগরের কোম্পানীগঞ্জ এলাকায় গতকাল বুধবার অর্ধদিবস সকল পরিবহন বন্ধের কর্মসূচি পালন করা হয়। মামলার বিষয়ে জানতে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমানের পক্ষ থেকে কিছু জানা যায়নি। তার অফিসিয়াল নম্বরে কল করলে বন্ধ পাওয়া যায়।