আশির দশকের অন্যতম কবি মুকুল চৌধুরী গত রাত (২২ এপ্রিল’২৫ দিবাগত রাত) ১.৩০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কৈশোর পাবলিকেশনের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মুকুল চৌধুরী ১৯৫৮ সালের ২২ আগস্ট সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালবাজার ইউনিয়নের খালোপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তার একাডেমিক নাম মঞ্জুরুল করীম চৌধুরী। তিনি একজন শ্রমনিষ্ঠ কবি ও লেখক ছিলেন। কবিতার পাশাপাশি গদ্যসাহিত্যেও তিনি ছিলেন শক্তিমান, ঝরঝরে, বুদ্ধিদীপ্ত। প্রবন্ধ, গবেষণা এবং কিশোর-রচনা ও সম্পাদনায় তার রয়েছে স্বচ্ছন্দ ও স্বাতন্ত্র্যপূর্ণ বিচরণ। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২৮টি। এর মধ্যে কাব্যগ্রন্থ ছয়টি, প্রবন্ধ/গবেষণা গ্রন্থ পাঁচটি, কিশোর গ্রন্থ পাঁচটি, সম্পাদিত গ্রন্থ ছয়টি। ১৯৯১ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অস্পষ্ট বন্দর’। তার মৃত্যুতে বাংলা সাহিত্যের আদর্শীক ধারায় বিরাট শূন্যতার সৃষ্টি হলো।
আমরা কবি মুকুল চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রেস বিজ্ঞপ্তি।