মুক্তাগাছা (ময়নসিংহ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ জুলাই অভ্যুত্থানের বিষয়ে বলেছেন, একটি আন্দোলন সফল করার জন্য যে কতগুলো ফ্যাক্টর কাজ করে তার মধ্যে একটা হল (পিপল) জনগণ। আর জনগণ যখন সম্মিলিতভাবে রাস্তয় নেমে যায় তাদের কোন রাজনৈতিক পরিচয় লাগে না, পরিবর্তন অটোমেটিক হয়ে যায়। এখানে রাজনৈতিক শক্তির কোন মূল্যই নাই। মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার আয়োজনে ইসলামী ছাত্রশিবির মুক্তাগাছা উপজেলার প্রাক্তনদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই পরিবর্তনটি শুরু হয়েছে আরব বসন্তের মাধ্যমে তিউনেশিয়ায়, বাংলাদেশে হল, সিরিয়াতেও হয়েছে। কাজেই সকল রাজনৈতিক দলকে হিসেবে নিতে হবে যে, তাদেরকে জনরোষের সম্মুখীন হতে পারে, এটা আমাদের এখন গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির সাধারণ সম্পাদক বলেছেন এই আন্দোলনের সাথে আমাদের কোন সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। আমরা বলেছি ছাত্রদের পাশে দাঁড়াতে। সুতরাং একটা আন্দোলনে ভূমিকা রাখার সূচনা করেছে জামায়াত এবং ছাত্রশিবির এটাকে হাইজ্যাক করার আজকে প্রচেষ্টা চলছে। তবে আমি বিশ^াস করি একটা পর্যায়ে এ মুখোশ উন্মোচিত হয়ে যাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আজকে তিনটি বিষয় নিয়ে আমরা লড়াই করছি ঐক্য, সংস্কার ও নির্বাচন। সবাই ঐক্যের ব্যাপারে আমরা সবাই কথা বলি, কিন্তু অনৈক্যের সুরে কথা বলি, সবাই ঐক্যের কথা বলে আর তারা বক্তব্য দেয় অনৈক্যের। তিনি বিএনপি উদ্দেশে বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ৭১ নিয়ে কথা বলে কারা, যারা জামায়াতের সমর্থন নিয়ে ৯১’র সরকার গঠন করেছিল। এরা (বিএনপি) জামায়াতে ইসলামীকে বলে মুনাফিক, স্বাধীনতা বিরোধী।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার উদ্যোগে ইসলামী ছাত্রশিবির মুক্তাগাছা উপজেলার প্রাক্তনদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসায় এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী অনুষ্ঠানে মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ, উপজেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মোস্তফা রায়হান, রফিকুল ইসলাম, এটিএম সারওয়ার, এএফএস আনিসুর রহমান, ইমরাঙ্গীর খান, অধ্যাপক আবুবকর সিদ্দিক, ইসলামী ছাত্রশিবিরের ময়মনসিংহ জেলার সভাপতি এমদাদুল হক প্রমুখ। অনুষ্ঠানে নোঙর সাংস্কৃতিক সংসদ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।